নিউজ ডেস্ক:প্রথম দু’দিনেই নিউজিল্যান্ড চড়ে বসেছিল রানের পাহাড়ে। তিন সেঞ্চুরিতে দ্বিতীয় বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে ৫৮২ রানের সামনে দাড় করিয়ে দেওয়া হয়। এত রানের চাপ নিয়েও অনেকটাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে।
সোমবার টেস্টের দ্বিতীয় দিনের বিনা উইকেটে ৫৫ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছয় উইকেটে ৩০৫ রান। এই টেস্টেই প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন ক্রেগ আরভিন। ১১৫ রানে অপরাজিত আছেন তিনি। তার সাথে অধিনায়ক গ্রায়েম ক্রেমার দুই রান নিয়ে অপরাজিত আছেন। অনেকটা পথ পাড়ি দিলেও ফলো অন এড়াতে এখনও ৭৮ রান করতে হবে জিম্বাবুয়েকে।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় দিনের প্রথম সেশনে আগের দিনের মন্থর ব্যাটিং ধরে রাখে জিম্বাবুয়ে। তবে উইকেটে টিকে থাকার পরিকল্পনা এই সেশনে খুব একটা কাজে লাগাতে পারেনি তারা, তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
টিনো মায়োয়োকে বোল্ড করে দিনের প্রথম সাফল্য এনে দেন টিম সাউদি। দ্রুত ফিরে যান সিকান্দার রাজাও। লাঞ্চের আগে শেষ ওভারে বিদায় নেন ক্যারিয়ার সেরা ৬০ রান করা চামু চিবাবা। এছাড়া এখন পর্যন্ত দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন পিটার মোর (৭১)।
সেঞ্চুরি করা আরভিনকে প্রথম সেশনেই ফেরাতে পারতেন সাউদি। কিন্তু স্লিপে আরভিনের ক্যাচ ছেড়ে দেন রস টেইলর। সে সময় মাত্র এক রানে ব্যাট করছিলেন আরভিন। শুরুতেই বেঁচে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যানই এখন এগিয়ে নিচ্ছেন জিম্বাবুয়েকে।
তৃতীয় দিনে মিশেল স্যান্টনার ও ইশ সোদি দুটি করে এবং সাউদি ও নেল ওয়াগনার একটি করে উইকেট পান। বুলাওয়েতে প্রথম টেস্টে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১১৭ রানে বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

Be the first to comment on "আরভিনের সেঞ্চুরিতে ফলোঅন বাঁচাতে লড়ছে জিম্বাবুয়ে"