শিরোনাম

রিজার্ভের অর্থ চুরি ॥ ফিলিপাইনে মায়া জামিনে মুক্ত

নিউজ ডেস্ক : ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন।
ম্যানিলা বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে কারাগার থেকে মুক্তি পান মায়া।
মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেপ্তারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিল। রাতে তিনি সেখানেই ছিলেন। জামানত দিয়ে আদালত থেকে জামিন পান। আদালতের আদেশ রাতে কারাগারে এলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার মায়াকে গ্রেপ্তার করা হয়। দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে মায়া গ্রেপ্তার হয়েছিলেন।
অজ্ঞাত সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এ বছরের ৪-৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করে। তবে তারা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সমর্থ হয়। এ অর্থ তারা আরসিবিসির অ্যাকাউন্টে জমা করে।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

 

basic-bank

Be the first to comment on "রিজার্ভের অর্থ চুরি ॥ ফিলিপাইনে মায়া জামিনে মুক্ত"

Leave a comment

Your email address will not be published.


*