নিউজ ডেস্ক : সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পোনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, গত ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। গতকাল সোমবার রাতে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে প্রধানমন্ত্রী ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে। এ মামলায় হাইকোর্টে ৭ জুন তার জামিন আবেদন খারিজ হয়। পরে ৩১ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শফিক রেহমানের আপীল মঞ্জুর করে শর্তসাপেক্ষে জামিন দেন।
জামিনে কারামুক্ত শফিক রেহমান

Be the first to comment on "জামিনে কারামুক্ত শফিক রেহমান"