নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রবিবারও যানজট মুক্ত নয়। সকাল থেকে এই মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের বাঐখোলা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট লাগে।
সকাল নয়টার দিকে টাঙ্গাইলের পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন রাস্তার উপর থেকে সরিয়ে নিলেও অতিরক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। এছাড়া সকাল আটটার দিকে মহাসড়কে হঠাৎ করে প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চাপ প্রচুর বেড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে রিপোর্ট পাঠানোর সময় মির্জাপুর এলাকায় টাঙ্গাইলগামী যানবাহন থেমে থাকতে দেখা গেছে।
উত্তরাঞ্চলগামী বাসের যাত্রী আব্দুর রহিম জানান, যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের । যানজট ও তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকাল আটটার পর থেকে হঠাৎ করে প্রাইভেটকার ও যানবাহনের চাপ বেড়েছে। পোশাক কারখানার শ্রমিকেরা ঘরমুখো হচ্ছেন। এতে যানজট বাড়ছে।

Be the first to comment on "আজও যানজট মুক্ত নয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক"