শিরোনাম

বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বে প্রতিটি জায়গাতেই ঝুঁকি রয়েছে, এমন বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। এর আগে ইংলিশদের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান কাপুরুষতা দেখিয়ে পিছু হটলেও বাংলাদেশের নিরাপত্তার ওপর আস্থা রেখেছেন অভিজ্ঞ এ বোলার।
ইংল্যান্ডের টেস্ট দলে সবচেয়ে নিয়মিত ক্রিকেটারদের মধ্যে একজন ব্রড। আর দলটির ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সফরে সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ববান কাজই করলেন তিনি। এ প্রসঙ্গে ব্রড বলেন, ‘এটা খুবই কঠিন একটি সিদ্ধান্ত তবে বাংলাদেশ সফরের জন্য আমি ইসিবির কাছে বলেছি ‘আমি প্রস্তুত’।’
ঝুঁকি ছাড়া বর্তমানে কোথায় সফর করা যাবে না এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ‘গত জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলার পর থেকেই আমাদের মনে ব্যাপারটি ছিল। তবে আমাদের কেউই সিদ্ধান্ত হালকা ভাবে নেইনি। যেখানে নিরাপত্তা ইস্যুটিই প্রধান এজেন্ডা হিসেবে উঠে এসেছে। আমাদের এই দলেই কয়েকজন ক্রিকেটার আছে যারা মুম্বাই হামলার পরও ভারত সফরে গিয়েছিলাম।’

ব্রড আরও যোগ করেন, ‘আমার পরিবার ও বন্ধুরা আমাকে বলেছে কেন তোমরা এই সফর করছো। তবে আমি মনে করি বিশ্বের প্রতিটি জায়গাতেই এখন ঝুঁকি রয়েছে। এটাই এখন কঠিন বাস্তবতা।’
ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন বাংলাদেশ পর্যাবেক্ষণ করে ইংলিশদের সফরে আসার ব্যাপারে সবুজ সংকেত দেন। পরবর্তীতে আস্তে আস্তে টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক থেকে শুরু করে সবাই হ্যাঁ সূচক মন্তব্য করেন। তবে বেঁকে বসেন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। মরগানের বদলে ওয়ানডের অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে।
আগামী ১৬ সেপ্টেম্বর টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করবে ইংল্যান্ড। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল দুই ফরম্যাটেরই সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে।
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস ‍অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড দলের।
বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

basic-bank

Be the first to comment on "বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড"

Leave a comment

Your email address will not be published.


*