নিউজ ডেস্ক : ভোটের দুই মাস আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
৬৮ বছর বয়সী হিলারির শারীরিক সামর্থ্য নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন তোলার মধ্যে তার এই অসুস্থতা ডেমক্রেটদের প্রচার শিবিরের জন্য নতুন একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রোববার নাইন-ইলেভেনের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছিলেন হিলারি। এরপর চিকিৎসকের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে নিউমোনিয়ার চিকিৎসা চলছে এই প্রার্থীর।
গত শুক্রবারই হিলারির নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়ে বলে জানান তার চিকিৎসক লিসা বারডাক। বর্তমানে নিউ ইয়র্কের বাড়িতে থাকা এই প্রার্থী দ্রুতই সেরে উঠছেন বলে জানান তিনি।
বিবৃতিতে বারডাক বলেন, “তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি, বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের অনুষ্ঠানে গরমে পানিশূন্যতায় অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন আমি তাকে পরীক্ষা করেছি। তিনি দ্রুতই সেরে উঠছেন।”
চিকিৎসক বিশ্রামে থাকতে বললেও সোমবার ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ সফর রয়েছে হিলারির। তিনি তা বাতিল করবেন কি না, তার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। তার আগে এই অসুস্থতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ডেমক্রেট সমর্থকদের মধ্যে।
তবে দলটির ন্যাশনাল কমিটির প্রধান ডোনা ব্রাজিলে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, “তিনি (হিলারি) এখন অনেকটাই ভালো বোধ করছেন। ভোটের প্রচারে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।”
তার প্রচার শিবিরের কর্মকর্তা পিটার ডাউ বলেছেন, গত শুক্রবার থেকে চিকিৎসা নেওয়ার মধ্যেও একটি বৈঠক, একটি সংবাদ সম্মেলন এবং নাইন-ইলেভেনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হিলারি।
সোশ্যাল মিডিয়ায় আাসা হিলারির অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হিলারির বাঁ বাহু ধরে আছেন একজন। গাড়ি সামনে এলে তাকে সহায়তায় এগিয়ে আসেন দুজন। এসময় হিলারির পা টলতে থাকে। সহযোগিতা নিয়ে গাড়িতে উঠে যান তিনি।
অনুষ্ঠানস্থল ছেড়ে ম্যানহাটনে মেয়ে চেলসি ক্লিনটনের অ্যাপার্টমেন্টে যান ৬৮ বছর বয়সী হিলারি। প্রায় দুই ঘণ্টা পর সানগ্লাস পরে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক ভালো’ বোধ করছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মুখোমুখি হওয়ার কথা রিয়েছে হিলারির।
৭০ বছর বয়সী ট্রাম্প প্রতিদ্বন্দ্বীকে আক্রমণে তার শারীরিক সামর্থ্য নিয়ে প্রায়ই প্রশ্ন তুলে আসছেন।
গত মাসে হিলারির ব্যক্তিগত চিকিৎসক লিসা বারডাক এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য তিনি ‘দারুণ শারীরিক অবস্থাসম্পন্ন ও উপযুক্ত অবস্থায় আছেন।”
বিরোধীদের বিরুদ্ধে হিলারির স্বাস্থ্য নিয়ে ‘নোংরা ষড়যন্ত্রের’ অভিযোগ করা হয় তার প্রচার শিবির থেকে।

Be the first to comment on "হিলারির নিউমোনিয়া"