শিরোনাম

ট্রাম্প শ্রমিকশ্রেণির বন্ধু নন: ওবামা

নিউজ ডেস্ক : হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় এবার নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের বিপক্ষে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শ্রমিক ভোটারদের সমর্থন নিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘শ্রমিকশ্রেণির বন্ধু নন’ বলে উল্লেখ করেন।ওবামা ফিলাডেলফিয়ায় শ্রমিকদের মাঝে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প সম্পর্কে বলেন, ‘এই লোক পৃথিবীতে ৭০ বছর কাটিয়েছেন, শ্রমিকদের কথা এতটুকুও ভাবেননি। জীবনের বেশিরভাগ সময় তিনি শ্রমিকদের থেকে দূরে থেকেছেন। তিনি আপনাদের বন্ধু নন, তার গলফ খেলার মাঠেও আপনাদের নিয়ে যাবেন না।’

মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবারই প্রথম ডেমোক্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে একা নির্বাচনি প্রচারণায় অংশ নিলেন। তিনি তার বক্তব্যে ওবামা প্রশাসনের আট বছরের সাফল্য তুলে ধরেন। তিনি অর্থনৈতিক অগ্রগতি এবং ৫০ শতাংশ বেকারদের কর্মসংস্থান করেছেন বলেও দাবি করেন।

ওবামা বলেন, ‘যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হয়েছে এবং অগ্রগতি লাভ করেছে।’

উল্লেখ্য, রবিবার ৯/১১ হামলার ১৫ বছর পূর্তির উপলক্ষে এক স্মরণসভায় অসুস্থবোধ করায় হিলারি অনুষ্ঠান শেষ করার আগেই সেখান থেকে চলে যান। পরে জানানো হয়, হিলারি সুস্থ আছেন।

এরপর হিলারির ডাক্তার লিজা আর বারড্যাক এক বিবৃতিতে বলেন, ‘হিলারি দীর্ঘদিন ধরে এলার্জিজনিত কাশিতে ভুগছিলেন। শুক্রবার তার রোগ নির্ণয়ে কিছু পরীক্ষা করা হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়ে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং কর্মসূচী পরিবর্তন করে বিশ্রাম নিতে বলা হয়েছে।’

অসুস্থতার জন্য হিলারি ক্যালিফোর্নিয়া সফর বাতিলসহ বেশ কয়েকটি নির্বাচনি প্রচারণা স্থগিত করেছেন। আর তাই এবার নির্বাচনি প্রচারণার ঘাটতি কাটাতে ওবামা সামনে আসলেন।

সূত্র: রয়টার্স।

basic-bank

Be the first to comment on "ট্রাম্প শ্রমিকশ্রেণির বন্ধু নন: ওবামা"

Leave a comment

Your email address will not be published.


*