নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানী বীচ সংলগ্ন রেজু খালেন মোহনায় পর্যটকবাহী একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় হেলিকপ্টারে থাকা আরো ৪ আরোহী আহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা এভিয়েশন নামে একটি প্রাইভেট কোম্পানীর বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল পৌনে দশটায় দিকে বীচে এ দূর্ঘটনা ঘটে ।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন ওই হেলিকপ্টারে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল হাসান জানান।
তিনি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের যে কোন সময় ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি উখিয়ার ওসি।
ওসি আরো জানান, শুক্রবার সকালে মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই কক্সবাজারে আসেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। কক্সবাজার থেকে যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, হেলিকপ্টারটি ইনানী সৈকত হয়ে ঘুরে যাওয়ার পথে রেজু এলাকায় ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছে হঠাৎ সাগরে পড়ে যায়। স্থানীয় লোকজন বিজিবির সহায়তায় আহতদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে হেলিকপ্টারের ভঙ্গাংশ উদ্ধার করে।

Be the first to comment on "অল্পের জন্য রক্ষা পেলেন ক্রিকেটার সাকিব"