নিউজ ডেস্ক : সেনাবাহিনী সবসময় সরকারের ওপর প্রভাবশালী ভূমিকা রেখেছে এবং পরিবেশের কারণে পাকিস্তানে গণতন্ত্র বিকশিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটন আইডিয়াস ফোরামে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ওই ফোরামের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার (১ অক্টোবর) এ খবর দিয়েছে।
মোশাররফ বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের সেনাবাহিনী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ভূমিকা তাদের রাখতে হচ্ছে তথা-কথিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোর অপশাসনের কারণেই।
সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট হওয়া পারভেজ মোশাররফ বলেন, পাকিস্তানের জন্মগত দুর্বলতা হলো এখানে পরিবেশের কারণে গণতন্ত্র বিকশিত হতে পারেনি। এখানে ব্যবস্থাপনায় (সরকার) চেক অ্যান্ড ব্যালান্স করার বিধান নেই। সংবিধানেই তা নেই। সেজন্য সেনাবাহিনী রাজনৈতিক পরিবেশে ঢুকে গিয়ে তাদের দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছে।
সীমান্তে উত্তেজনার জেরে ভারত-পাকিস্তান সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যে সাবেক প্রেসিডেন্টের এ মন্তব্য এলো।

Be the first to comment on "পাকিস্তানে গণতন্ত্র বিকশিত হয়নি ॥ পারভেজ মোশাররফ"