শিরোনাম

বাবরের টানা তৃতীয় সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি

নিউজ ডেস্ক : বাবর আজম। পাকিস্তানের ক্রিকেটে নতুন নামই বলতে হবে। কিন্তু ২১ বছর বয়সের এই ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যানই গেল রাতে গড়লেন ইতিহাস। আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। র‌্যাংকিংয়ের আটে উঠে এলো সেই সাথে। ডান হাতি বাবর টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেই মূলত ক্যারিবিয়ানদের উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর তার এই তৃতীয় সেঞ্চুরি বাবরকে তুলে দিয়েছে ওয়ানডে ইতিহাসের এলিট ক্রিকেটারদের সাথে। কোথাও আবার রেকর্ডের পাতায় তিনি একা।

শারজার প্রথম দুই ম্যাচে ১২০ ও ১২৩ রানের ইনিংস খেলেন বাবর। এবার ১০৬ বলে ১১৭। ৬ দিনে ৩ সেঞ্চুরি! টানা তিনটি সেঞ্চুরি করা ওয়ানডে ইতিহাসের মাত্র অষ্টম খেলোয়াড় হয়েছেন তিনি। পাকিস্তানি হিসেবে তৃতীয়। তার আগে জহির আব্বাস ও সাঈদ আনোয়ার টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে সর্বোচ্চ টানা চার সেঞ্চুরির রেকর্ডটা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। গত বিশ্বকাপে বাংলাদেশের মাহমুদ উল্লাহ টানা দুই সেঞ্চুরি করার পর তৃতীয়টি করতে পারেননি।

এটি ছিল বাবরের ১৮তম ম্যাচ। গত বছরই অভিষেক তার। এই সিরিজ শুরুর আগে কোনো সেঞ্চুরি ছিল না তার। এখন দেখা যাচ্ছে বাবর ছাড়া ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরি টানা করার রেকর্ড নেই আর কারো। পাকিস্তানের রেকর্ডে ইনজামাম-উল হক একমাত্র ব্যাটসম্যান যার প্রথম দুটি সেঞ্চুরি টানা ইনিংসে।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন বাবর। ২০১৩-১৪ তে ভারতের বিপক্ষে এই কীর্তি প্রথমবারের মতো গড়েন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৬০ রান করে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে অবশ্য ডি কককে ছাড়িয়ে গেছেন বাবর।

টানা তিন ইনিংসের রেকর্ড রানটা রোহিত শর্মার। ৪১১ রান করেছিলেন ২৬৪, ৯ ও ১৩৮ রানের ইনিংস খেলে। বাবর অবশ্য পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এখন টানা তিন ইনিংসের যোগ ফলে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক। ৩৬০ (১২০+১২৩+১১৭) রান তার। ১৯৯৩-৯৪ মৌসুমে গড়া সাঈদ আনোয়ারের রেকর্ড ৩৪৯ (১০৭+১৩১+১১১) টপকেছেন বাবর।

১৮ ইনিংসে এখন ৮৮৬ রান বাবরের। পরের দুই ইনিংস মিলিয়ে ১১৪ রান করলেই ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুত ১,০০০ রান করার বিশ্ব রেকর্ডের মালিক হয়ে যাবেন!

 

basic-bank

Be the first to comment on "বাবরের টানা তৃতীয় সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি"

Leave a comment

Your email address will not be published.


*