শিরোনাম

নেত্রকোনার পাঁচ কিশোর ৮ দিন ধরে নিখোঁজ

নিউজ ডেস্ক : জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মহিষবেড় গ্রামের পাঁচ কিশোরের সন্ধান মিলছে না। টানা আটদিন ধরে তারা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া এই পাঁচ কিশোরের মধ্যে দু’জন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। বাকি তিনজন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে পড়ে। পুলিশ এবং তাদের স্বজনরা নানা স্থানে খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাচ্ছে না।  চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছে প্রত্যেক কিশোরের পরিবার।

নিখোজ হওয়া এই কিশোররা হচ্ছে – পূর্বধলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন মহিষবেড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে বেলাল হোসেন(১৫), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (১২), শফিকুল ইসলামের ছেলে আরিফ মিয়া (১৩), হামেদ আলীর ছেলে রবিকুল ইসলাম (১৩) ও আইনুদ্দিনের ছেলে মোঃ হৃদয় (১৩)। এদের মধ্যে বেলাল হোসেন স্থানীয় শালদীঘা তালি-ই-মাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে এবং নয়ন মিয়া একই মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। এছাড়া অপর তিনজন শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এদের মধ্যে বেলাল ও নয়ন সম্পর্কে চাচাত ভাই। আর আরিফ তাদের ভাতিজা। অপর দু’জনের বাড়িও তাদের পাশাপাশি।

নিখোঁজ কিশোরদের স্বজনরা জানান, ওই পাঁচ কিশোর গত ১ অক্টোবর (শনিবার) মাদ্রাসা ও স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর আর তারা বাড়ি ফিরেনি। এদের মধ্যে বেলালের সঙ্গে একটি মোবাইল ফোন ছিল। নিখোঁজ হওয়ার পরদিন ওই মোবাইলে একাধিকবার রিং করা হলেও কেউ রিসিভ করেনি। পরবর্তী সময় থেকে তার ফোন নম্বরটির সংযোগ বন্ধ রয়েছে। গত বুধবার প্রত্যেক কিশোরের অভিভাবকরা এ ব্যাপারে পূর্বধলা থানায় জিডি করেছেন।

 পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, ওই কিশোররা নিখোঁজ হওয়ার দিন শ্যামগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনে ওঠেছে বলে স্থানীয়রা দেখতে পেয়েছে। বেলালের সঙ্গে থাকা মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে ঢাকার কাকরাইল এলাকায় অবস্থান করছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেখানে তাদের স্বজনদের পাঠানো হলেও কিশোরদের সন্ধান মিলেনি। এক প্রশ্নের জবাবে ওসি জানান, ওই কিশোররা দরিদ্র পরিবারের সদস্য। তাদের সঙ্গে কোনরূপ জঙ্গী কানেকশনের তথ্য আমরা পাইনি। এছাড়া তারা অপহরণের শিকার হয়েছে কি-না সে রকম কোন তথ্যও আমাদের হাতে আসেনি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আজ শনিবার জনকণ্ঠকে জানান, মোবাইল ট্র্যাকিংসহ নানা পদ্ধতিতে আমরা নিখোঁজ কিশোরদের অবস্থান জানার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের অবস্থান জানা সম্ভব হবে।

 

basic-bank

Be the first to comment on "নেত্রকোনার পাঁচ কিশোর ৮ দিন ধরে নিখোঁজ"

Leave a comment

Your email address will not be published.


*