নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বড়পুকুরিয়া কয়লা খনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, প্রকৃতি থেকে কোনো কিছু আহরণ করতে হলে কিছু ক্ষতি হবেই। কিন্তু জীবন ও জীবিকার উন্নয়নে আমাদের এসব ক্ষতি মেনে নিতেই হবে। কয়লা উত্তোলনের ফলে মানুষের ক্ষতি কমিয়ে আনতে তিনি খনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কোম্পানির প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান ও সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. আব্দুল মান্নান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএমএন আওরঙ্গজেব।
বড়পুকুরিয়া কয়লা খনির অফিসার্স ক্লাব মনমেলার সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বড়পুকুরিয়া কয়লা খনির সিএসআর কর্মসূচির আওতায় ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি মসজিদকে মোট ২১ লাখ টাকা, ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪টি কম্পিউটার এবং ৬৫টি কমিউনিটি ক্লিনিককে ৮ লাখ টাকার বিভিন্ন সামগ্রীসহ মোট ৩১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

Be the first to comment on "‘জীবনমান উন্নয়নে কয়লা খনির ভূমিকা গুরুত্বপূর্ণ’"