নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে গুম-খুন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশের সব মানুষ নির্যাতিত-নিপীড়িত। এ অবস্থায় অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মিলনায়তনে এক যৌথ সভা শেষে ফখরুল এসব কথা বলেন। শ্রমিক দিবসের সমাবেশকে সামনে রেখে ওই যৌথ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামী ১ মের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অন্যায়, অত্যাচারের মধ্যেও এই সমাবেশ করা হচ্ছে। তিনি সবাইকে সমাবেশ সফল করার আহ্বান জানান।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ১ মে শ্রমিক দলের আয়োজনে সমাবেশ হবে বিএনপির সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ। যৌথ সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "মানুষের নিরাপত্তা নেই: ফখরুল"