নিউজ ডেস্ক : মিয়ানমারে সেনা অভিযানের মুখে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এদেশে অনুপ্রবেশকালে দুইটি নৌকাসহ অন্তত ২২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শনিবার ভোররাতে উখিয়ার বালুখালী এবং টেকনাফে নাফ নদীর জাদিমুরা পয়েন্টে জলসীমায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।
বিজিবির টেকনাফ-২-এর উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট দিয়ে শনিবার ভোরে দুটি নৌকায় করে অন্তত ২০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদলের সদস্যরা জলসীমার শূন্যরেখা থেকে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
গত ২১ নবেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বহনকারী ৮৬টি নৌকা অনুপ্রবেশ চেষ্টাকালে ফিরিয়ে দিয়েছে বলে জানান মেজর রাসেল।
বিজিবির কক্সবাজার-৩৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শনিবার সকালে উখিয়ার বালুখালী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২২ রোহিঙ্গা নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি কড়া নজরদারী অব্যাহত রেখেছে।
গত ১ নবেম্বর থেকে এ পর্যন্ত অনুপ্রবেশ চেষ্টাকারি ৪৮০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান ইমরান।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান।
এরপর সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলে দাবি করছে তারা। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

Be the first to comment on "সীমান্তে কড়া নজরদারী ॥ দুটি নৌকাসহ ২২ রোহিঙ্গাকে ফেরত"