শিরোনাম

ইসি নিয়ে ভালো প্রস্তাব থাকলে দিন: নজরুল

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের দেয়া প্রস্তাবে কোনো ভুল থাকলে বলেন। আর যদি এর থেকে ভালো কোনো প্রস্তাব থাকলে দিন।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। একই সঙ্গে বলেছেন, বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন। এ নিয়ে তার কিছু করার নেই।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এদের সঙ্গে কিসের আলোচনা। মূল কথা হলো তিনি নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে চান না। প্রধানমন্ত্রীকে বলব, আমাদের প্রস্তাবে কোনো ভুল থাকলে সেটা বলেন। আর যদি ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে দিতে পারেন। কিন্তু তারা জানেন ভালো নির্বাচন কমিশন হলে তারা বিজয়ী হতে পারবে না। তারা ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যে নেত্রী বার বার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য, সাহসী ও দক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনের কথা বলে একটি প্রস্তাব দিলেন। তা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কথা বলা হলো।

চেয়ারপারসনের বক্তব্য শেষ হতে না হতেই তাদের সাধারণ সম্পাদক বললেন, এটা অন্তঃসারশূন্য। আবার বললেন এতে কিছু থাকলে তা রাষ্ট্রপতি দেখবেন। এর মানে কিছু ভালো কথা আছে। যে বক্তব্যে ভালো কথা থাকে তাহলে অন্তঃসারশূন্য হয় কীভাবে? নজরুল ইসলাম বলেন, এখন আমাদের সিদ্ধান্ত নেয়ার সময় যে আমরা তাদেরকে বারবার সুযোগ দেব কি না। এমন পরিস্থিতি চলতে পারে না। আন্দোলন সংগ্রাম হবে। সে আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। আর আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। তারা কী চায় তা ইতিবাচকভাবে নিতে হবে।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিলো। ঐ যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছিল। সেজন্য ভারতের কাছে কৃতজ্ঞ। কিন্তু অন্য দেশের বাহিনীদের কারণে দেশ স্বাধীন হয়নি। এদেশের যোদ্ধাদের কারণেই দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র ও শোষণ থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হলেও দেশে এখন গণতন্ত্র নেই। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেবেল রহমান গাণি, এম এম আমিনুর রহমান, গোলাম মোস্তফা ভুইয়া, আবু নাসের মোহাম্মদ ব্যারিস্টার পারভেজ হোসেন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ইসি নিয়ে ভালো প্রস্তাব থাকলে দিন: নজরুল"

Leave a comment

Your email address will not be published.


*