শিরোনাম

শাকিলের মৃত্যুর কারণ জানতে হবে ভিসেরা পরীক্ষা

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাাতদন্ত ও জানাজা শেষে ময়মনসিংহের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।

এরপর সেখান থেকেই তার মরদেহ বহনকারী গাড়ি ময়মনসিংহের বাগমারার উদ্দেশে রওনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং এর একজন কর্মকর্তা। এর আগে বারডেম হাসপাতাল থেকে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয় ময়নাতদন্তের জন্য।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেছেন, বিষক্রিয়া-জনিত কারণে মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু তা জানতে ভিসেরা পরীক্ষা করা হবে। এ জন্য রক্ত ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে। কতক্ষণ আগে তার মৃত্যু হয়েছে তেমন কি ধারণা পাওযা যাচ্ছে জানতে চাইলে ডা. মাহমুদ বলেন, ময়নাতদন্ত কার্যক্রমের সময় থেকে ৩৬ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হলেও, তার মৃত্যুর বিষয়টি জানতে রেস্তোরাঁর কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রেস্তোরাঁতেই একজন চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের বাগমারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার বাবা আইনজীবী জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি আওয়ামী লীগ সভানেত্রীর উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের শীর্ষপর্যায়ের নেতা ছিলেন। এর পাশাপাশি তাকে অনেকেই কবি হিসেবে জানতেন। তার রচিত দুটো গ্রন্থ রয়েছে। ১৯৬৮ সালে জন্মগ্রহণকারী মাহবুবুল হক শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

basic-bank

Be the first to comment on "শাকিলের মৃত্যুর কারণ জানতে হবে ভিসেরা পরীক্ষা"

Leave a comment

Your email address will not be published.


*