নিউজ ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাকে দলে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত সফরে অস্ট্রেলিয়ার পেস বোলিং পরামর্শদাতা হিসেবে তাকে দল চাইছে বলে জানিয়েছেন স্বয়ং ম্যাকগ্রা নিজেই।
এখনো কিছু চূড়ান্ত না হলেও, দলের সাথে থাকার ইচ্ছা রয়েছে ম্যাকগ্রার।
তিনি বলেছেন, “আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চায় বোর্ড। খেলোয়াড়ী জীবনের পর দলকে সার্ভিস দেয়ার আরও একটি সুযোগ পাওয়া গেলো। আশা করি সামনে ভালো কিছু হবে। “
১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট, ২৫০টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচ খেলেছেন। এসময় দলের প্রধান পেসার হিসেবেই সেরাটা প্রদর্শন করেছেন ২২ গজে। তাই ঐসময় পেস আক্রমনে অস্ট্রেলিয়ার প্রধান ভরসার নামও ছিলো ম্যাকগ্রা। স্লো ডেলিভারির সুইংয়ে বিষ মেখে শুরুতেই প্রতিপক্ষ ব্যাটিং লাইন-আপে ধস নামানো থেকে শুরু করে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দেয়াতে জুড়ি ছিলো না ম্যাকগ্রার। তাই তো ম্যাকগ্রার হাতে নিজেদের উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ফলে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তার সংগ্রহে রয়েছে ৫৬৩ উইকেট।
শুধুমাত্র টেস্টেই নয় ওয়ানডেতেও উইকেট শিকারে পারদর্শী ছিলেন ম্যাকগ্রা। এজন্য সতীর্থ ব্রেট লির সাথে সমান ৩৮০ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন ম্যাকগ্রা। আধুনিক যুগের টি-টোয়েন্টি বেশি খেলা হয়নি তার। নয়তো সেখানেও উপরের দিকে কোন এক জায়গায় নিজেকে তুলে রাখতেন ম্যাকগ্রা। ২০০৭ সালে অবসর নেয়ার আগে মাত্র ২টি টি২০তে ৫ উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার।
এই পেস কিংবদন্তি প্রস্তাবের বিষয়টি সম্পর্কে বলেছেন, “আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চাইছে বোর্ড বোলিং পরামর্শক হিসেবে। খেলোয়াড় হিসেবে দলকে সেরা সাফল্যগুলো এনে দেয়ার চেষ্ঠা করেছি। সফলও হয়েছি বেশিরভাগ সময়। এবার বোলিং পরামর্শক হিসেবে দলকে সার্ভিস দেয়ার সুযোগ পাওয়া গেলো। তবে ভবিষ্যত সবকিছু ঠিক করবে। সবকিছু ঠিক থাকলে সামনে ভালো কিছুই হবে। “
৪৬ বছর বয়সী ম্যাকগ্রা আরও বলেন, “স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের অগ্নিপরীক্ষা হবে ভারত সফরে। পেসারদের জন্য ভারতই সম্ভবত সবচেয়ে কঠিন জায়গা। আর বর্তমানে ভারত অনেক বেশি শক্তিশালী দল। ইংল্যান্ডের পেসাররাও ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। তাই ঐ সফরে ভালো করতে হলে অসি পেসারদের অনেক বেশি পরিশ্রম করতে হবে।

Be the first to comment on "ম্যাকগ্রাকে জাতীয় দলের সাথে চায় অস্ট্রেলিয়া"