নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য ব্রিসবেন ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে ৪৯০ রানের লিড দিয়েও ৩৯ রানে জয় পায় অসিরা।
তাই এই স্কোয়াডটির উপর আস্থা রাখলো অস্ট্রেলিয়ান নির্বাচকরা।
ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেই খেলে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের চতুর্থ দিন পাকিস্তানের আসাদ শফিকের ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় থেকে বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। ছয় নম্বরে নেমে ১৩৭ রানের লড়াকু ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন শফিক। কিন্তু শফিকের লড়াই বিফল করে টেস্টের পঞ্চম ও শেষ দিন ৭৫ মিনিটের ব্যবধানে জয় তুলে নেয় অসিরা।
আর ব্রিসবেন টেস্ট জয়ের স্কোয়াডটিই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য বহাল রাখলো অস্ট্রেলিয়া। তবে এই টেস্টেই দলে ফেরার কথা ছিলো শন মার্শের। কিন্তু তার ফিটনেস নিয়ে গতকাল শঙ্কা প্রকাশ করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরমেন্স চিফ প্যাট হাওয়ার্ড। তাই নির্বাচকরা মার্শকে বিবেচনায় আনেননি। এজন্য মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়লো মার্শের।
মার্শ না ফেরাতে আরও একবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন নিক ম্যাডিনসন। অবশ্য ব্রিসবেন টেস্টে নিজেকে প্রমান করতে পারেননি তিনি। ১ ও ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাই আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে ভালো করার তাগাদা থাকবে ম্যাডিনসনের।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ম্যাথু রেনশ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, নাথান লিঁও, জ্যাকসন বার্ড ও চাদ সেয়ার্স।

Be the first to comment on "বক্সিং ডে টেস্টে অপরিবর্তিত অজি স্কোয়াড"