নিউজ ডেস্ক : ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান-১ ডিএনসিসি মার্কেট আংশিক খুলছে আজ শুক্রবার। পাকা মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানগুলো সংস্কারের পাশাপাশি, যেসব দোকান কিছুটা ভালো রয়েছে, সেগুলো খুলবেন ব্যবসায়ীরা।
তবে কাঁচা বাজার মার্কেট পুরোপুরি ধসে যাওয়ায় কবে থেকে খুলবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।
ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান তালাল রিজভী বলেন, ‘বুধবার রাত থেকেই পাকা মার্কেটে ধোয়ামোছার কাজ চলছে। আজকেরও যে যার মতো করে পরিষ্কার করেছে। আগুনে কম ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ব্যবসায়ী তাদের মালামাল আনতে শুরু করেছেন। বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো সংস্কারের কাজ চলছে। ’ তিনি বলেন, ‘যেসব দোকান চালু করার উপযোগী সেগুলো আগামীকাল সকাল ১১টা থেকে চালু করা হবে। আশা করি, কিছুদিনের মধ্যেই স্বরূপে ফিরতে পারবে ডিএনসিসি মার্কেট। ’
দোকানগুলো পরিষ্কার করে যতদ্রুত সম্ভব চালু করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। রূপক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও দোকান মালিক সমিতির উপদেষ্টা মাহবুব আলম বলেন, ‘সব দোকান এখনই চালু করা যাবে না। কাজ চলছে। অনেকে দোকানে মালপত্র তুলছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু দোকান নিয়ে হলেও মার্কেট চালু করব। সরকার বিদ্যুৎ সংযোগ না দিলে আমরা জেনারেটর দিয়ে কাজ চালিয়ে নেব। ’
মার্কেট সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মার্কেটের পজিশন হারানোর আতঙ্কেই মূলত তাড়াহুড়ো করে এই মার্কেট চালু করা হচ্ছে। যে কারণে মার্কেট চালুর উপযোগী না হলেও দোকান খুলে ব্যবসা চালু করতে চান ব্যবসায়ীরা।

Be the first to comment on "আজ আংশিক খুলছে ডিএনসিসি মার্কেট"