নিউজ ডেস্ক : সিডনি টেস্টে বড় ব্যাবধানে হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো সফরকারী পাকিস্তান। ৪৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৪ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান।
২২০ রানের বড় ব্যাবধানে সিডনি টেস্ট জিতে নেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভয়ানক ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হন ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা হয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে সফরকারী কোনো দলই ২০০ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই কোনো দলের। পাকিস্তানও সেই রেকর্ড ভাঙতে পারেনি। সফরকারীদের হোয়াইটওয়াশের দিনে একমাত্র লড়াই করলেন সরফরাজ আহমেদ। দলের বাকিদের আসা যাওয়ার মিছিলে দাঁড়িয়ে তিনি ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন। অবশ্য তার সেই ইনিংসটি পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।
প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৩৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন ম্যাট রেনশ, ডেভিড ওয়ার্নার এবং পিটার হ্যান্ডসকম্ব। জবাবে ৩১৫ রানেই অল আউট হয় পাকিস্তান। সফরকারীদের প্রথম ইনিংসে বলার মতো কিছু থাকলে সেটা হলো ইউনিস খানের ১৭৫ রানের অসাধারণ ইনিংসটি। বড় ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। পাকিস্তান আবারও রানের পাহাড়ে চাপা পড়ে।
৪৬৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিটা অন্তত ড্র এর সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এরপরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। সরফরাজের ৭২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ওপেনার শারজিল খানের ৪০ রান। এছাড়া অধিনায়ক মিসবাহ-উল হক ৩৮ এবং আসাদ শফিক ৩০ রান করেন।

Be the first to comment on "হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল পাকিস্তান"