শিরোনাম

ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু ওয়াশিংটনে

নিউজ ডেস্ক : মার্কিন নাগরিক অধিকারকর্মীরা ভোটাধিকার ও ন্যায়বিচার রক্ষার দাবি জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময়ে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ওয়াশিংটনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তীব্র বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটনের মার্টিন লুথার কিং মেমোরিয়ালে প্রায় দুই হাজার মানুষ সমবেত হন। বক্তারা সংখ্যালঘু অধিকার রক্ষা এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামা কেয়ার’ বাতিল হওয়া রোধে লড়াই করার আহ্বান জানান।

সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও অধিকারকর্মী আল শার্পটন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের ‘শক্ত অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ”আমরা এই তীব্র বৃষ্টির মধ্যেও এখানে সমবেত হয়েছি দেশের মানুষকে বোঝাতে যে, আমরা এতদিনের সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছি, তা একটি নির্বাচন জয়ের চেয়ে অনেক বেশি। আর তা আমরা হারাতে চাই না। ”

প্রায় ৩০টি ট্রাম্প-বিরোধী গ্রুপ ওই সমাবেশের আয়োজন করে। তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। বহু বিক্ষোভকারী ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে বাধা দেওয়ারও ঘোষণা দিয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে ওয়াশিংটন পুলিশ ও সিক্রেট সার্ভিস অতিরিক্ত প্রায় তিন হাজার কর্মকর্তা এবং পাঁচ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মজুদ রেখেছে।
ওয়াশিংটনে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘উইম্যানস মার্চ’। ওই সমাবেশে প্রায় দুই লাখ মানুষের জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতিতেই বলেছিলেন, তিনি মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়ে তুলবেন, মুসলিমদের প্রবেশে বাধা দেবেন এবং ‘ওবামা কেয়ার’ বাতিল করবেন। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প।
সূত্র : রয়টার্স

basic-bank

Be the first to comment on "ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু ওয়াশিংটনে"

Leave a comment

Your email address will not be published.


*