নিউজ ডেস্ক : বঙ্গভবন থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ব্যর্থ হলে বিএনপি রাজপথে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকালে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে মানববন্ধনটির আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, আমরা রাজপথের মানুষ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কিন্তু বঙ্গভবন যদি জনগনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যদি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন তাহলে বিএনপি আবার রাজপথে আন্দোলনে নামবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা তো অনেক উন্নয়নের কথাই বলেন, দেশের মানুষের জন্য এতো কিছু করার কথা বলেন, তাহলে নিরপেক্ষ নির্বাচন দিলে সমস্যা কোথায়? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মেরুদণ্ড হিসেবে সম্পূর্ণ নির্বাচন কমিশন দরকার। যে কমিশন যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারবেন। আজ নারায়ণগঞ্জের সাত খুনের দেওয়া রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলা দেশব্যাপী অনেক আলোচিত হওয়ার কারণ এই মামলার প্রধান আসামি মন্ত্রীর মেয়ের জামাই। অনেকের বিশ্বাস ছিল অন্য মামলাগুলোর যে হাল হয় এই মামলাও তেমন হবে। কিন্তু এই মামলার রায়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে এই রায় নিম্ন আদালতের, এখনও উচ্চ আদালত রয়েছে। ফাঁসি কার্যকর হলেই মন্তব্য করা যাবে।
রাজধানীর বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করা সম্পর্কে দুদু বলেন, আমরা চাই মানুষের চলার জন্য ফুটপাত ফাঁকা থাক। কিন্তু যারা এখানে ব্যবসা করছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। আগে তাদের জন্য নতুন স্থান ঠিক করে দেওয়া উচিত। যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তা দেখে মনে হচ্ছে জোর যার মুল্লুক তার। মানব্বন্ধন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

Be the first to comment on "বঙ্গভবন ইসি গঠনে ব্যর্থ হলে আন্দোলন: দুদু"