নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত ও অন্ততঃ ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার রেখা (৩৪) এবং নেত্রকোনা জেলার পুর্বধলা থানার কামালপুর এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. সাজু মিয়া (১৬)। হতাহতরা সবাই বাসের যাত্রী।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রবিউল মুন্না পরিবহনের একটি বাস মঙ্গলবার যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে শেরপুর যাচ্ছিল। বাসটি দুপুরে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় বাসটি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শারমিন নিহত হয় ও অন্ততঃ ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। গুরুতর আহত ৩ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাজু মিয়া মারা যায়। পরে সেখান থেকে আশংকা জনক অবস্থায় মর্জিনা খাতুন (২৭) ও সুফিয়া বেগমকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে।
Be the first to comment on "শ্রীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২"