নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ-ভারত সুসম্পর্ক অব্যাহত থাকবে।
তিনি আজ সোমবার নাটোরে জয়কালী মাতার মন্দির পুনঃনির্মাণের জন্য ভারতীয় সরকারের অনুদানের উন্নয়ন সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠারে এ কথা বলেন।
এসময় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চেীধুরী জলি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী বিভাগীয় ট্রাস্টি অনীল কুমার সরকার, মন্দির কমিটির সাধারন সম্পাদক সুব্রত কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, স্বাধীনতার পরবর্তী সময় মুজিব-ইন্দিরা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বীজ বপণ করেছিলেন। বর্তমানে ভারতের নরেন্দ্র মোদির সরকার এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে আরো উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ভবিষ্যতে এই সম্পর্ক অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সফল করতে এদেশের জনগণের সাথে ভারতীয় সেনারাও অংশগ্রহণ করেছিলেন।
এসময় তিনি তিনশ’ বছরের পুরনো মন্দির পরিদর্শনের অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, মন্দির উন্নয়ন কাজে ভারতীয় সরকার তথা জনগণের শুভেচ্ছা হিসাবে অনুদানের অর্থ প্রদান করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অংশগ্রহণ ও আতœত্যাগ এবং প্রায় এক কোটি শরনার্থীকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
হর্ষবর্ধন শ্রিংলা রাধাগোবিন্দ মন্দিরে প্রার্থনা ও তুলশী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন এবং জয়কালী মন্দিরে প্রদীপ প্রজ্জলন করেন।
অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা ভারতীয় হাইকমিশনারের কাছ থেকে মোট ৯৭ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তির ১৯ লাখ টাকার চেক গ্রহণ করেন।

Be the first to comment on "বাংলাদেশ-ভারত সুসম্পর্ক অব্যাহত থাকবে : হর্ষবর্ধন শ্রিংলা"