নিউজ ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, পাটপণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি পাটকলগুলো পূর্ণোদ্যমে চালানোর পাশাপাশি বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ইতোমধ্যে বিগত সরকার কর্তৃক বন্ধকৃত পিপলস জুট মিলস লিঃ ও কওমী জুট মিলস লিঃ দুটি, খালিশপুর জুট মিলস লি, জাতীয় জুট মিলস লিঃ নামে, দৌলতপুর জুট মিলস লিঃ, কর্ণফুলী জুট মিলস লিঃ ও ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরী পুনরায় চালু করা হয়েছে।
সরকারি দলের সদস্য কামরুল আশরাফ খানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১৭ লাখ একর জমিতে পাট চাষ করা হয়।
তিনি বলেন, কৃষকদের পাট চাষে উৎসাহিত ও পাটের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ প্রণয়ন করেছে, যা ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বিজেএমসি থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১০৪টি দেশে ৮৫২০৮ দশমিক ৬৩ মেট্রিক টন পাটপণ্য রফতানি করা হয়েছে। ওই অর্থবছরে পাট পণ্য থেকে রফতানি আয় ছিল ৬৫৯ দশমিক ০২৮ কোটি টাকা।
Be the first to comment on "‘সরকার বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে’"