নিউজ ডেস্ক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার রাতে এক কলেজ ছাত্রসহ চারজন নিহত হয়েছে। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের নরদাপাড়ায় স্বাধীন এক্সপ্রেসের একটি বাস খাদে পড়ে অন্তত দুজন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো কয়েকজন যাত্রী। খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে খিলক্ষেত থানা এলাকায় বাসের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক নিলয় (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিলয়কে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নিলয়ের চাচাতো ভাই এহতেসাম হাসপাতালে সাংবাদিকদের জানান, পুরান ঢাকার গেণ্ডারিয়ার এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে নিলয়।
রাজধানীর শান্তিনগরে একটি বেসরকারি কলেজের বিবিএতে পড়তেন তিনি। পাশাপাশি উত্তরার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
এ ছাড়া গতকাল রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তায় লেগুনার ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছে।
Be the first to comment on "পৃথক দুর্ঘটনায় রাজধানীতে কলেজ ছাত্রসহ নিহত ৪"