নিউজ ডেস্ক : পাকিস্তানে যেমন ক্রিকেটে প্রতিভার অভাব নেই, তেমনি সঠিক পরিচর্যার অভাবে একের পর এক প্রতিভা নষ্ট হওয়ার ঘটনা প্রচুর। তেমনই ব্যাটিং প্রতিভা হলেন উমর আকমল। অনেকেই তার মাঝে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ছায়া দেখতে পান। কিন্তু কোহলি যেখানে রানের পাগলা ঘোড়া ছুটিয়ে চলছেন, সেখানে আকমল কেন সফল হতে পারছেন না?
প্রায় একই সঙ্গে আর্ন্তজাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বিরাট ও আকমল। প্রতিভা থাকা সত্ত্বেও কেন নিজের ব্যাটিংকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারছেন না এই পাকিস্তানি ব্যাটসম্যান? আকমল মনে করছেন, ব্যাটিং পজিশনের কারণেই তিনি ‘কোহলি’ হয়ে উঠতে পারছেন না। তার দাবি, তিন নম্বরে ব্যাট করলে তিনিও নাকি কোহলির মতো পারফর্ম করতে পারতেন। বর্তমানে আকমল সাধারণত ৬ নম্বরে ব্যাট করতে নামেন। যা বড় ইনিংস গড়ার ক্ষেত্রে সঠিক স্থান নয়।
ঠিক এই কারণেই তার সঙ্গে কোহলির তুলনা করাটা মেনে নিতে পারছেন না আকমল। তার বক্তব্য, কোহলি যেমন ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পায় তাকেও সেভাবে ৩ নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া হোক। তারপর না হয় কোহলির সঙ্গে তুলনা করা যাবে। ২০০৯ সালে আর্ন্তজাতিক ক্রিকেট অভিষেক হয় এই পাকিস্তানি ব্যাটসম্যানের। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট ও ১১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আকমল।

Be the first to comment on "কোহলির সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন আকমল"