নিউজ ডেস্ক : জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের পরের দিন প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী শুভ রহমানের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার কাঠ ব্যবসায়ী আব্দুল গফুর তোতার একমাত্র ছেলে। সে স্থানীয় কাকলি শিশু নিকেতনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাওয়ার পর আর পাওয়া যায়নি শুভকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার বাবা কালাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আজ শনিবার সকালে তাদের বাড়ির অদূরে ওই মহল্লার সাঈদ ফকিরের খড়ের পালার পাশে প্রতিবেশীরা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শিশুটিকে গলাটিপে হত্যা করা হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
কালাই থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, “শিশুটি নিখোঁজের পর শুক্রবার রাতে তার বাবা একটি মামলা দায়ের করেছেন। আজ শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment on "কালাইয়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার"