শিরোনাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালিকাপ্রসাদ

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের গুণী সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পশ্চিমবঙ্গের হুগলির গুড়াপের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দোহার ব্যান্ডের অন্যতম কণ্ঠশিল্পী কালিকাপ্রসাদ। একই দুর্ঘটনায় আহত হয়েছেন দোহার ব্যান্ডের অন্য সদস্যরা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

জানা গেছে, বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান করে তিনি ও তার দলের বাকি সদস্যরা ফিরছিলেন কলকাতার দিকে। কালিকপ্রসাদ-সহ মোট ৬ জন ছিলেন গাড়িতে। হঠাৎই রাস্তায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

পুলিশের বরাত দিয়ে কলকাতার সংবাদমাধ্যম এবেলা জানায়, দোহার ব্যান্ডের শিল্পীরা যে গাড়িতে করে যাচ্ছিলেন তার টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রচণ্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিল। কোনো মেকানিক্যাল ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কালভার্টে ধাক্কা মারে।

দুর্ঘটনার পর কালিকাপ্রসাদ ও বাকি পাঁচজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরেই কালিকাপ্রসাদ মারা যান। বাকি পাঁচজনের অবস্থা গুরুতর।

কালিকাপ্রসাদ ও দোহার ব্যান্ড বাংলাদেশে দারুণ জনপ্রিয়। বিভিন্ন সময় বাংলাদেশে গান করেছে দলটি। সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’র সঙ্গীত পরিকল্পনার কাজ করেছেন কালিকাপ্রসাদ। ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে গত ১ মার্চ ঢাকায় এসেছিলেন এই সঙ্গীতকার।

ভুবন মাঝি ছবি প্রিমিয়ার অনুষ্ঠানে কালিকাপ্রসাদ বলেছিলেন, ‘আমরা যেমন ভারতবর্ষের নাগরিক, আবার আমরা বাঙালি। একজন বাঙালি হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করতে পেরে আমি গর্বিত।’

বাংলাদেশের অনেকের সঙ্গেই কালিকাপ্রসাদের দারুণ বন্ধুত্বের সম্পর্ক ছিল। তার মৃত্যু খবর জানার পর বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, এই খবর আমাদের জন্য খুবই বেদনার। আমাদের খুবই নিকটজন ছিলেন কালিকাপ্রসাদ।

জলের গান ব্যান্ডের সঙ্গেও দোহার এবং কালিকাপ্রসাদের খুবই ভালো সম্পর্ক ছিল। জলের গানের জার্নাল বলেন, ‘কালিকাপ্রসাদ ও তার দোহার বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কালিকা দা’র এমন প্রয়াণ মেনে নেয়া ভীষণ কষ্টের।’

কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক নেমে এসেছে কলকাতার সঙ্গীতাঙ্গনে। কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম বলেন, এভাবে হাতে প্রাণ নিয়ে প্রতিদিন শিল্পীদের যাতাযাত করতে হয়। রাস্তাঘাটের যা অবস্থা, তাতে এই দুর্ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে।’

সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, যখনই আমাদের দেখা হয়েছে তখনই তাড়াহুড়োর মধ্যে দেখা হয়েছে। আমার খুব আদরের ছিল কালিকাপ্রসাদ। আমি খুব কষ্ট পেলাম এই খবর শুনে।

 

basic-bank

Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালিকাপ্রসাদ"

Leave a comment

Your email address will not be published.


*