নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, প্রতিবছর ১৮ থেকে ২০ লক্ষ মানুষ কর্মসংস্থানের বাজারে প্রবেশ করছে, কিন্তু সেখানে অর্ধেকেরও কম মানুষ বিভিন্ন ধরনের চাকরী পাচ্ছেন। এতে অধিকাংশ শিক্ষিত মানুষ কর্মসংস্থানের বাইরে থেকে যাচ্ছেন। তাই চাকুরী বিষয়ে তাদের মনস্তাতিক ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাদেরকে উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ এগিয়ে যাবে।
তিনি আজ শনিবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার জন্য সকল ব্যাংকে উৎসাহিত করা হচ্ছে। এতে গ্রামেই নতুন নতুন ব্যবসা বাণিজ্যের প্রবেশ সৃষ্টি হবে।
গভর্নর আরও বলেন, স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরদের অর্থ জমা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা উদ্যোক্তা হবে, কর্ম জীবনে প্রবেশ করবে তখন তাদের এ অভ্যাস থেকে যাবে। তারা যে কোন স্থান থেকে দেশের জন্য অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জোদ্দার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরদার প্রমুখ।

Be the first to comment on "নতুন প্রজম্মকে উদ্যোক্তা হওয়ার আহবান: ফজলে কবির"