শিরোনাম

সচিবালয়ে কাগজের আবর্জনায় আগুন

নিউজ ডেস্ক : সচিবালয়ে কাগজের আবর্জনায় আগুন লেগেছে। সচিবালয়ের পূর্বদিকের দেয়ালের পাশে খালি জায়গার বড় একটি অংশজুড়ে স্তূপ করে রাখা কাগজে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে।
২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে কেউ হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা জোন-১ এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা আসার ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেছি।’
সচিবালয়ে ৭ নম্বর ভবনের পূর্ব পাশের খালি জায়গার অনেকটা স্থান জুড়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা অপ্রয়োজনীয় কাগজ স্তূপ করে রাখা ছিল। অবশিষ্ট অংশে ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের প্রাইভেট কার। দুপুর সাড়ে ১২টার দিকে স্তূপ করা কাগজের একটি অংশ আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশেপাশের গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়।
মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ওই স্থানের নিচে ছিল গ্যাসের লাইন। কয়েক দফা আগুনের শিখা সশব্দে ছড়িয়েও পড়ে।
দুপুর ১২টা ৪৫ মিনিটে সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হয়। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে উপস্থিত হয়। ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে উপস্থিত অনেকেই বলেন, সচিবালয়ের মতো স্থানে এভাবে কাগজের আবর্জনার স্তুপ দিনের পর দিন ফেলে রাখা ঠিক হয়নি। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।

basic-bank

Be the first to comment on "সচিবালয়ে কাগজের আবর্জনায় আগুন"

Leave a comment

Your email address will not be published.


*