নিউজ ডেস্ক: কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে কবি ও কথাশিল্পী সুমন রহমানের ছোটগল্প ‘নিরপরাধ ঘুম’। কমনওয়েলথভুক্ত ৪৭টি দেশের চার হাজার গল্পের মধ্য থেকে ২৬টি গল্প বেছে নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্য থেকে একটি গল্প এ বছরের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের জন্য বিবেচিত হবে। এ ছাড়া পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি গল্পকে পুরস্কৃত করা হবে।
এ ব্যাপারে লেখক সুমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার যে ক্ষুদ্র পাঠকগোষ্ঠী এত দিন আমার লেখালেখিকে উৎসাহ জুগিয়ে এসেছে, এর মধ্য দিয়ে আমি তাদের রুচির প্রতি সম্মান দেখাতে পেরেছি বলে মনে করি। তা ছাড়া বাংলাদেশের ছোটগল্প যে আন্তর্জাতিক মানে পৌঁছেছে, এটা প্রমাণিত হলো।’
সুমন রহমানের এ গল্পটি ২০১০ সালের প্রথম আলোর ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্স র্যাবের ক্রসফায়ারের ঘটনা এটির মূল উপজীব্য।
পুরস্কারের জন্য গল্প মনোনয়নে বিচারক প্যানেলে যাঁরা ছিলেন তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। গতকাল রাতে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এশিয়া অঞ্চল থেকে সুমন রহমানের গল্পটি স্থান পেয়েছে এই তালিকায়। বাংলাদেশের বাইরে ভারত আর পাকিস্তান থেকে গল্প জমা পড়েছিল। বাংলাদেশ থেকে আরও দুজন লেখকের গল্প জমা পড়ে।’
ফেরদৌস আজিম আরও জানান, সুমন রহমানের গল্পটিই একমাত্র গল্প, যেটি ইংরেজি ভাষায় লেখা নয়। বাংলা ভাষায় লেখা গল্পটির ইংরেজি অনুবাদ করেছেন অরুণাভ সিনহা। এটি প্রবলভাবে নাড়া দেওয়া একটি বাস্তববাদী গল্প এবং এটি পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে বলে তিনি মন্তব্য করেন।
Be the first to comment on "কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সুমন রহমান"