শিরোনাম

ফিটনেস ছাড়া লঞ্চ চলতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : ফিটনেস ছাড়া কোন লঞ্চ চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সচিবালয়ে মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী এ তথ্য জানান। ঈদের আগে রং করে ফিটনেসবিহীন লঞ্চ নামানো হচ্ছে- একজন সাংবাদিক এ বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘যেগুলো (লঞ্চ) নামবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমরা ফিটনেস ছাড়া কোন লঞ্চ চলতে দেব না। এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত।’
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা থেকে আপনারা এ প্রশ্ন করেছেন এ প্রশ্নটি অমূলক নয়। পূর্ব অভিজ্ঞতা আমাদেরও আছে। আগে নৌ-পরিবহন সেক্টরে কোন শৃঙ্খলা ছিল না। এর আগে কেন এত নৌ-দুর্ঘটনা হয়েছে? কারণ হল, যে সব জাহাজ বা নৌযান নির্মাণ করা হয়েছে, সেগুলো তাদের মত করে নির্মাণ করেছে। তারপর ডিজি শিপিংয়ের কাছে আসছে যে এটা অনুমোদন দেন। ডিজি শিপিং অনুমোদন দিয়েছে। এখন আমরা নিয়ম করে দিয়েছি আগে ডিজাইন পাস করতে হবে। অনেক জাহাজ আটকে গেছে, তারা নির্মাণ কাজ শেষ করেছে কিন্তু আমরা তাদের এখনও পারমিশন (অনুমোদন) দেইনি’ বলেন শাজাহান খান।
ঈদের আগে লঞ্চের রং করানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনি শরীরে যদি সাবান-টাবান (না দেন) বা ভাল করে গোসল না করেন তবে ময়লা জমবে। এছাড়া ঈদ বা কোন না কোন সময় তো বাড়ি রং করান। একটু ভাঙচুর হলে মেরামত করান। রং ও ইঞ্জিনের (লঞ্চের) কাজ করানোও এটা কোন অন্যায় নয়। এটা সঠিক। এটা না করালে আমরা ফিটনেস সনদ দেব না।’
এবার ঈদে ফিটনেসবিহীন লঞ্চ যাতে না চলতে পারে এ ব্যাপারে সরকার খুবই সতর্ক জানিয়ে শাজাহান খান বলেন, ‘ওভারলোডিং (লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন) ঠেকাতে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ, মন্ত্রণালয়ের অফিসাররা থাকবেন।’
তিনি বলেন, ‘অনেকে আমরা আরামে ঈদ করি, কিন্তু আমাদের অফিসারদের অনেকের ঈদ করা হয় না। তারা থেকেই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করবেন। তারা ব্যস্ত থাকবেন যাতে কোন দুর্ঘটনা না ঘটতে পারে।’
ঈদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বেসরকারি মালিকানাধীন লঞ্চের বিশেষ সার্ভিস ১ জুলাই থেকে শুরু হবে বলেও জানান নৌ-পরিবহন মন্ত্রী। পরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সংস্থা প্রধান ও মন্ত্রণালয়ের পক্ষে সচিব অশোকমাধব রায় স্বাক্ষর করেন।

basic-bank

Be the first to comment on "ফিটনেস ছাড়া লঞ্চ চলতে দেওয়া হবে না"

Leave a comment

Your email address will not be published.


*