নিউজ ডেস্ক: পেসারদের দারুণ বোলিং ও জশ বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে পেরেরা কৌশল ফিরে গেলেও দানুশকা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস দলকে ভালো সূচনা এনে দেন। দুই উইকেটেই ৭৪ রান সংগ্রহ পায় শ্রীলংকা। কিন্তু এরপর ব্যাটসম্যানদের ব্যর্থতায় ও ইংল্যান্ডের পেসারদের দারুণ বোলিংয়ে ১৪০ রানের সাদামাটা সংগ্রহ পায় সফরকারীরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গুনাথিলাকা। এছাড়া ২৩ রান করেন দিনেশ চান্দিমাল। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ও লিয়াম ডশন ৩টি করে উইকেট পান।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। শুরুতেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের বোলিং তোপে পরে তারা। তৃতীয় বলেই জেসন রয়কে হারায় স্বাগতিকরা। এরপর পঞ্চম ওভারে জেমস ভিন্সকে হারিয়ে চাপে পরে তারা। দুটি উইকেটই তুলে নেন লংকান অধিনায়ক।
৩০ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়েন বাটলার ও অধিনায়ক মর্গ্যান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা বাটলার। ৪৯ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ৪৭ রানে অপরাজিত থাকেন মর্গ্যান।

Be the first to comment on "শ্রীলংকাকে আট উইকেটে হারালো ইংল্যান্ড"