নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের আমিরসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে টঙ্গীর মুক্তারবাড়ি আউচপাড়া রোড এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসান, রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ছাত্র আশিকুল আকবর আবেশ, যশোরের এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরীয়ত উল্লাহ শুভ ও মাদ্রাসাছাত্র নাজমুস সাকিব। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদে র্যাব-১ এর একটি দল টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তারবাড়ি সড়কের একটি বাড়ির ৪র্থ তলায় অভিযান চালায়। এসময় সেখান থেকে সিরাজগঞ্জের বাসিন্দা ও জেএমবির দক্ষিণাঞ্চলীয় আমির মাহমুদুল হাসান আটক করা হয়।
তিনি জানান, ওই জেএমবি নেতা সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম হত্যা ও হোসেনী দালানে বোমা হামলায় যারা সম্পৃক্ত ছিল এবং যারা ইতোমধ্যে এ ঘটনায় গ্রেফতার হয়েছে, তারা সবাই তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে। রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আটক আশিকুল আকবর আবেশ জেএমবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দিতেন। তার পরিকল্পনা ছিল আহতদের চিকিৎসার জন্য মেডিকেল স্টোরের মতো একটি বিভাগ করা যাতে আহতদের চিকিৎসা দেয়া যায়।
এ ঘটনায় এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরীয়ত উল্লাহ শুভ ও মাদ্রাসা শিক্ষার্থী নাজমুস সাকিব আটক করা হয়েছে। শুভ সফটওয়্যারের ওপর বিশেষ পারদর্শী। তিনি বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগ করতেন। আটকরা র্যাবের নিখোঁজ তালিকায় রয়েছে কী না তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং তাদের সাথে আর কারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি আরো বলেন, প্রত্যেক প্রশিক্ষণকেন্দ্রে সাধারণত ৭-৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে অস্ত্র চালনা, বোমা তৈরি এবং শারীরিক কসরতের প্রশিক্ষণ দেয়া হতো। রাজধানীতে বাসা ভাড়া নিয়ে নজরদারি এবং কড়াকাড়ি থাকায় তারা রাজধানীর পাশে আস্তানা গড়ে তোলে। আটকরা এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।

Be the first to comment on "টঙ্গীতে র্যাবের অভিযান, জেএমবি নেতাসহ আটক ৪"