নিউজ ডেস্ক : টিপটিপ বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করে আয়কর মেলার পঞ্চম দিনেও ছিল উপচে পড়া ভিড়। মেলার মাত্র দুইদিন বাকি থাকায় সপ্তাহের শেষ ছুটির দিন মেলা প্রাঙ্গণে করদাতাদের ঢল নামে। দিনটিতে করদাতাদের পদচারণায় মেলায় তিল ধারণের ঠাঁই ছিল না। এক ছাদের নিচে সব সেবা পেয়ে করদাতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলায় ঘুরে দেখা গেছে, কেউ নতুন ই-টিআইন গ্রহণ করছেন কেউবা দাখিল করছেন রিটার্ন। আবার কেউ নতুন তথ্য জেনে নিচ্ছেন কর শিক্ষণ ফোরাম থেকে। এদিকে মেলার পঞ্চম দিনে সারা দেশে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লক্ষ ৩ হাজার ৮১৯ টাকা। শনিবারে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৪০ জন, রির্টান দাখিল হয়েছে ৩০ হাজার ২১৮ও নতুন ই-টিআইএন খোলা হয়েছে ৪ হাজার ৮৯৬ টি।
এনবিআর সূত্রে জানা গেছে, মেলার পঞ্চম দিনে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লক্ষ ৩ হাজার ৮১৯ টাকা। দিনটিতে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন পর্যন্ত সারা দেশে সেবা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ছয় লাখ করদাতা ও দর্শনার্থী ও পঞ্চম দিন পর্যন্ত রির্টান দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে মেলার চতুর্থ দিনে শুক্রবার আয়কর সংগ্রহ হয়েছে ২০৪ কোটি ৯৯ লক্ষ ১৭ হাজার ৭৩৮ টাকা। চতুর্থ দিন পর্যন্ত মেলায় মোট ১১৫৭ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৭৩২ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। এদিন সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি করদাতা ও দর্শনার্থী। আয়কর বিবরণী জমা দিয়েছেন ২৯ হাজার ৩০৬ জন। আর তৃতীয় দিনে আয়কর সংগ্রহ হয় ২২৭ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত সংগ্রহ ছিল ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা। মেলার প্রথম দিনে রাজস্ব এসেছিল ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। চতুর্থ দিন পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি ৫ দশমিক ৫২ শতাংশ, রিটার্ন দাখিলে রিটার্ন দাখিলে ১৭ দশমিক ৮৯ শতাংশ ও সেবা গ্রহণে পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে শনিবার বিকেলে আয়কর মেলা প্রাঙ্গণে বাংলাদেশের অ্যার্টনি জেনালেল কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ‘পার্টনারশীপ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়। এতে অ্যার্টনি জেনালের মাহবুবে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। উচ্চ আদালতে আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তি পূর্বক সরকারের বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিতে চলমান কাজ আরো বেগবান হবে মর্মে ডায়ালগে আশাবাদ ব্যক্ত করা হয়।
আগামী অর্থবছর থেকে বাস্তবায়িত হবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’। নতুন এ আইনের সুবিধা পাওয়া ও এ আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে মেলায় ভ্যাট অনলাইন পরামর্শক বুথ বাড়তি আকর্ষণ যোগ করেছে। এছাড়া আগত দর্শনার্থী ও সেবাগ্রহীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে ‘ভ্যাট স্মার্ট’। ভ্যাট স্মার্ট কার্টুনে ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করার মাধ্যমে রয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। এদিকে মেলায় অংশগ্রহণ করে আয়কর প্রদান ও সেবাগ্রহণ করায় করদাতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

Be the first to comment on "আয়কর মেলার পঞ্চম দিনে এসেছে ২৬০ কোটি টাকা"