নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ-উল-আযহার জামাতের জন্য প্রস্তুত। ইতোমধ্যে জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ঈদের জামাত নির্বিঘেœ করতে র্যাব-পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। ঈদের দিন শোলাকিয়া মাঠ ও এর আশপাশে তিনস্তুরের নিরাপত্তায় অন্যান্য বাহিনী ছাড়াও মোতায়েন থাকবে তিন প্লাটুন বিজিবি। জামাতে অংশ নেয়া কোনো মুসল্লি ঈদগাহে ছাতা, ব্যাগ ও মোটা জায়নামাজ নিয়ে ঢুকতে পারবে না। সম্প্রতি শোলাকিয়া ঈগগাহ মাঠ পরিদর্শন করে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপর মোঃ আনোয়ার হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গেল ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবার ১৮৯তম ঈদ-উল-আযহার জামাত শুরু হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা ফরীদউদ্দীন মাসউদ।
এদিকে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের দিন দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এর মধ্যে একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছবে। আর কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ফিরতটি ট্রেনটি ভৈরব পৌছবে দুপুর ২টায়। অপর ট্রেনটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়।
পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, এবার ঈদের জামাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনস্তরের নিরাপত্তা বলয়ে থাকছে বিপুল পরিমাণ র্যাব-পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য ছাড়াও বিজিবি সদস্যরা। এছাড়া সাদা পোশাকের বিভিন্ন নিরাপত্তা বাহিনী মাঠের ভেতরে-বাইরে কাজ করবে। তিনি আরো জানান, এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। ঈদের দিন মাঠের তিনদিকের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়ে। আর্চওয়ের ভেতর দিয়ে সামনের দুটি গেটে মেটাল ডিটেক্টরে দেহ তল্লাসীর পর মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হবে। থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।
জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে জানান, গত ঈদের অপ্রত্যাশিত হামলার বিষয়টি মাথায় রেখে এবার মাঠে অতিরিক্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ॥ পর্যাপ্ত নিরাপত্তা

Be the first to comment on "ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ॥ পর্যাপ্ত নিরাপত্তা"