নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, যতক্ষণ পর্যন্ত খাল পূর্বের অবস্থায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযান চলবে। আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর পূর্বাঞ্চলে নন্দীপাড়া এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান থেকে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, অবৈধ স্থাপনার মালিক কোন দলের বা কোথাকার ক্ষমতাবান লোক, তা আমরা দেখব না। খালকে দখলমুক্ত করাই আমাদের প্রতিজ্ঞা। খালের প্রবাহ ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাব। আজ সোমবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ অভিযান চলবে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত।
এরই অংশ হিসেবে, অবৈধ স্থাপনা হিসেবে বুলডোজারের নিচে পড়ে মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপণিসহ সব ধরনের অবৈধ স্থাপনা। একদিক দিয়ে বুলডোজার অবৈধ দোকান গুঁড়িয়ে দিয়েছে। অন্যদিক দিয়ে মালিকরা যে যেভাবে পারছেন মালামাল সরিয়ে নেন। ঘটনাস্থলে সাঈদ খোকনের সঙ্গে থেকে এ অভিযানকে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব ও ওয়াসার এমডি তাসলিম এ খান।
তারা বলেন, গত তিন দিন আগে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। নির্দেশ না মেনে যারা সরিয়ে নেননি তাদের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। এর আগে, গত মাসের শেষ দিকে এই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণাকে স্বাগত জানায় সব শ্রেণি-পেশার মানুষ।

Be the first to comment on "খাল পূর্বের অবস্থায় না ফেরা পর্যন্ত অভিযান চলবে"