নিউজ ডেস্ক : ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেন উভয় ঘাটসংশ্লিষ্টরা।
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাট পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলে ৫টি ফেরি।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, দৌলতদিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে নোঙর করে রয়েছে ৫টি ফেরি। এ ছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়েছে ৬টি ফেরি।
নৌ-রুট পারের অপেক্ষায় ঘাটের পাটুরিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলেও জানান তিনি।

Be the first to comment on "ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ"