নিউজ ডেস্ক : জানুয়ারির প্রথম সপ্তাহে নিউ ইয়র্কে ‘আয়নাবাজি’র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ ও ৮ জানুয়ারি নিউ ইয়র্কের জ্যামাইকার মাল্টিপ্লেক্সে ছবিটির প্রদশর্নীর আয়োজন করছে ডিজিটাল ওয়ান মিডিয়া।
গত মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিজিটাল ওয়ান মিডিয়ার কর্মকর্তারা এ তথ্য জানান।
গত ৩০ সেপ্টেম্বর দেশে মুক্তি পায় আয়নাবাজি। ছবিটি মুক্তির পরপরই ব্যাপক আলোড়ন তোলে। ৭ ও ৮ জানুয়ারি জ্যামাইকার মাল্টিপ্লেক্সে একই সময় বিকেল সাড়ে ৩টায় ছবিটির শো শুরু হবে। ইতিমধ্যে ছবিটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ১২ ডলার নির্ধারণ করা হয়েছে।
ডিজিটাল ওয়ান মিডিয়ার সত্বাধিকারী জাকারিয়া মাসুদ বলেন, “ছবিটি দেখাতে ডিজিটাল ওয়ান মিডিয়ার সঙ্গে জ্যামাইকা মাল্টিপ্লেক্সের চুক্তি হয়েছে। দর্শকদের চাহিদা থাকলে নিউ ইয়র্কে আয়নাবাজি ছবির আরো শো’র ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও ছবিটি দেখানো হবে। ” ডিজিটাল ওয়ান মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকীর পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্মাতা ও অভিনেতা গোলাম সারোয়ার হারুন এবং বিএ এক্সপ্রেসের সিইও জিল্লুর দেওয়ান।
ছবিটির নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। গাউসুল আজম শাওনের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন গাউসুল আজম শাওন ও অনম বিশ্বাস। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন প্রমুখ। এ ছাড়া বিশেষ চরিত্রে পরিচালক অমিতাভ রেজা নিজে ও অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কন্টেন্ট ম্যাটারস লিমিটেড ও হাফ স্টপ ডাউন।

Be the first to comment on "জানুয়ারির প্রথম সপ্তাহে নিউ ইয়র্কে ‘আয়নাবাজি’র প্রদর্শনী"