শিরোনাম

জাহানারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

এদিকে, অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরহুমার বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাহানারা জামান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রবিবার রাত পৌনে ১টার দিকে ৮৪ বছর বয়সে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান। জাহানারা-কামারুজ্জামানের চার সন্তানের মধ্যে এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি।

 

জাহানারা জামানের স্বামী এ এইচ এম কামারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজশাহীর জনপ্রিয় নেতা ছিলেন। তিনি ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কতিপয় উচ্চাভিলাষী বিপথগামী সেনা কর্মকর্তার হাতে অপর জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সঙ্গে নিহত হন।

basic-bank

Be the first to comment on "জাহানারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*