নিউজ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জেএমবির প্রধান সাইদুর রহমানসহ তিন জঙ্গির বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দাখিল হওয়া চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন আদালত। চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন- আব্দুল্লাহেল কাদরি ও আয়েশা আক্তার।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালত চার্জশিটটি আমলে গ্রহণ করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, শুনানির সময় সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি জামিনে গিয়ে পলাতক আছেন। আগামী ২২ জানুয়ারি অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২০১০ সালের ২৫ মে কদমতলীর পূর্ব ধনিয়া নূর মসজিদ রোডের একটি বাসা থেকে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা ও কদমতলী থানার দুই মামলায় ৫ দফায় ১৮ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ০৮ জুলাই সাইদুর রহমানকে কদমতলী থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।

Be the first to comment on "জেএমবি প্রধান সাইদুরের বিরুদ্ধে চার্জশিট গৃহীত"