নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। রবিবার লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে সন্তানের জন্ম হয় বলে নিজের এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে টিউলিপ লিখেন, ‘ক্রিস পার্সি ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজালেয়া জয় পার্সির জন্মের ঘোষণা দিচ্ছি।’ টুইটে রয়্যাল ফ্রি হাসপাতালের কর্মীদেরও সেবার প্রশংসাও করেন যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির এই এমপি। এ বছর এপ্রিলেই বঙ্গবন্ধুর ৩৪ বছর বয়সী নাতনি টিউলিপের সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল, যা গত বছর নভেম্বরে স্বামী ক্রিস পার্সিকে নিয়ে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা গেলে জানা যায়।
নিজের নামের মতোই মেয়ের নাম ফুলের নামে রাখবেন বলে ভেবেছিলেন। তাই ‘আজালেয়া’ ফুলের নাম দিয়েছেন মেয়েকে।
২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সিকে বিয়ে করেন টিউলিপ। পরের বছরের মে মাসে সাধারণ নির্বাচনে পার্লামেন্ট সদস্য হন তিনি।
গত বছরের অগাস্টে কয়েক দফা নিজের অসুস্থতার খবর টুইটারে জানিয়েছিলেন টিউলিপ। যদিও সেপ্টেম্বরে পূর্ণ উদ্যমেই কাজ করতে দেখা যায় তাকে।

Be the first to comment on "টিউলিপের কোলজুড়ে কন্যা সন্তান"