নিউজ ডেস্ক : ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ভারদাহ ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানার পর ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যে প্রাণ গেছে অন্তত ১০ জনের। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্র প্রদেশেও তাণ্ডব চালিয়েছে ভারদাহ।
উপড়ে গেছে কয়েক শ গাছ ও বিদ্যুতের খুঁটি; ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। গাছ উপড়ে বেশকিছু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবং রেল ও বিমান পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে তামিলনাড়ুর জীবনযাত্রা।
এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল অতিক্রম করার পর কয়েক ঘণ্টা ধরে বাতাস আর বৃষ্টির তোড় চলে। সেই সঙ্গে উপকূলে দেখা দেয় জলোচ্ছ্বাস। অবশ্য তার আগেই উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় ২০ হাজার মানুষকে। ঝড়ের কারণে চেন্নাই, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুরের সব স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে বলেও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়। ঘূর্ণিঝড়ের কারণে সোমবার রাতে চেন্নাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। উপকূলের বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ফলে উপদ্রুত এলাকার মানুষের রাত কেটেছে অন্ধকারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ঘূর্ণিদুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভামের সঙ্গে কথা বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আনন্দবাজার জানিয়েছে, গাছ, ভেঙে পড়া বাড়ি-ঘর ও ক্ষতিগ্রস্ত গাড়ি সরাতে উদ্ধারকর্মীরা রাস্তায় নেমেছেন। পাশাপাশি সেনাবাহিনীর জওয়ানদের সাতটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উপকূল পার হওয়ার পর থেকে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ভারদাহ। আরও দুর্বল হয়ে বুধবার সকালে সেটি গোয়া অতিক্রম করতে পারে।

Be the first to comment on "তামিলনাড়ুতে ভারদাহর তাণ্ডব, নিহত ১০"