নিজস্ব প্রতিবেদক : যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে সেভাবে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা রাখতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করতে হবে। আগামী নির্বাচনকে জাতীয় পার্টি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। এর কোন বিকল্প নেই। আমরা দেখিয়ে দিতে চাই জাতীয় পার্টিই মানুষের আশা আকাঙ্কা পূরণ করতে পারে। দেশবাসীর নিরাপত্তা ও পত্যাশা পূরণের জায়গা হবে জাপা।
শনিবার দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষদূত এরশাদ বলেন, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, গত ২৫ বছরে দুটি দলের ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের জনপ্রিয়তা এখন তলানীতে। এই সুযোগ জাতীয় পার্টিকেই গ্রহণ করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “আমার ভোট আমি দেবো”- এই অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আসন্ন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি.এম. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি- জাতীয় পার্টির আসন্ন জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, এস.এম. আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আতিকুর রহমান আতিক, আ.ন.ম. শাহজাহান, রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, মুজিবুর রহমান সেন্টু, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, শফিকুল ইসলাম মধু, হোসেইন মকবুল শাহরিয়ার আসিফ, নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, আব্দুল্লাহ সিদ্দিকী, কাজী আশরাফ সিদ্দিকী, ড. হারুন অর রশীদ, আলহাজ্ব শওকত চৌধুরী, মো. নোমান এমপি, সুলতান মাহমুদ প্রমুখ।

Be the first to comment on "দু’দলের ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা: এরশাদ"