নিউজ ডেস্ক : আবারও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এমনিতেই নাসির হোসেনের দলে না থাকার কারণে দর্শক-সমর্থকদের মাঝে প্রশ্ন এবং ক্ষোভ রয়েছে।
সদ্যই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই প্রশ্ন আরও ব্যাপক আকার ধারণ করেছে। অনলাইন-অফলাইনে চলছে তুমুল সমালোচনা। নিউজিল্যান্ড সফররত ২২ সদস্যের দলে নাসিরের জায়গা হয়নি। কিন্তু কেন?
ক্রিকেটপ্রেমীদের এই প্রশ্নটা এর আগে বহুবার শুনতে হয়েছে কোচ এবং টিম ম্যানেজম্যান্টকে। গতকাল প্রশ্নটি আবারও তুলে ধরা হলো কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের দরবারে। কোচ বললেন, এতে তার কোনো হাত নেই। দলে আসতে হলে নাসিরকে পারফর্মেন্স দেখিয়ে আসতে হবে। গত দুই বছরের নাসিরের পারফর্মেন্স দলে ফেরার উপযুক্ত মনে হয়নি টিম ম্যানেজম্যান্টের কাছে।
কোচ বললেন, “ওকে প্রচুর রান করতে হবে এবং উইকেট নিতে হবে। তাহলেই দলে আসবে। গত দুই বছরে ওর রেকর্ড দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। রেকর্ড দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ”
নাসির বোলিংয়ের পাশাপাশি নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংটাও দারুণ করেন। একটা সময় তিনি দলের মাঝে ‘দ্য গ্রেট ফিনিশার’ খেতাব পেয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ দলের সেরা ফিল্ডার তিনি। তার অসাধারণ ফিল্ডিংয়ের ঝলক দেখা গেছে বিপিএলেও। পাশাপাশি মজা-তামাশা করে দলকে চাঙা রাখতেও জুড়ি নেই নাসিরের। কিন্তু কোচের কথাতো একেবারে ভুল নয়। ২০১৩ সালের মে মাসের পর ওয়ানডেতে ২৬ ইনিংসে অর্ধশতক করতে পারেননি নাসির। টেস্টে নেই টানা ১০ ইনিংসে। টি-টোয়েন্টি টানা ১৬ ইনিংসে!
এই পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি কোচ জানিয়ে দিলেন, নাসিরের দলে থাকা-না থাকার পেছনে তার কোনো হাত নেই। বা পছ্ন্দ-অপছন্দের সুযোগ নেই। একাদশ নির্বাচনের জন্য সব সময় ক্রিকেটারের পরিসংখ্যান এবং দলে তার অবদান দেখে বিচার করা হয়। সে ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, যেদিন নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ সিরিজ হারল সেদিনই জাতীয় লিগে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বসেন নাসির।

Be the first to comment on "নাসিরের দলে না থাকার পেছনে হাথুরুসিংহের যুক্তি"