শিরোনাম

পাঁচ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানাবে সার্চ কমিটি

নিউজ ডেস্ক : পাঁচজন বিশিষ্ট নাগরিককে আবারও আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটি।
আজ সোমবার বিকেলে ১২জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট নাগরিকরা হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ব্যারিস্টার রোকন-উদ্দিন মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ।
মোহাম্মদ শফিউল আলম বলেন, আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই পাঁচজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
১২জন বিশিষ্টি নাগরিকের সাথে অনুষ্ঠিত আজকের মতবিনিময় সভা প্রসঙ্গে তিনি বলেন, বিশিষ্ট নাগরিকেরা সৎ, যোগ্য, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন কমিশন যেন গঠন করা হয় সেই পরামর্শ দিয়েছেন।
রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম দিতে অনুসন্ধান কমিটি যে আহ্বান জানিয়েছে তাতে এখনো কোন দল নাম জমা দেয়নি জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, নাম জমা দেওয়ার জন্য আগামীকাল বিকেল তিনটা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আগে ছিল বেলা ১১টা পর্যন্ত। নাম পাওয়ার পর বিকেল ৪ টায় একই স্থানে সার্চ কমিটি তা নিয়ে আলোচনায় বসবে।
১২ জন বিশিষ্ট নাগরিক হলেন, বিচারপতি মো. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা।
বৈঠকে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার উপস্থিত ছিলেন।
গত ২৫ জানুয়ারি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। গঠিত হওয়ার দিন থেকে ১০ কার্যদিবস, অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে।

basic-bank

Be the first to comment on "পাঁচ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানাবে সার্চ কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*