নিউজ ডেস্ক : চলতি বছরই পেশাদার টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় টেনিস সেনসেশন লিয়েন্ডার পেজ। এর ফলে ২০ বছরের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে।
চেন্নাই ওপেনে খেলতে এসে পেজ বলেছেন, “৪৩ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারাটা অনেক সৌভাগ্যের। এটা অনেকটা স্বপ্নের মতো। আমি সত্যিই সৌভাগ্যবান। আমার দলে এমন অনেক আছেন যারা গত কয়েক মাস আমার ক্যারিয়ারে অনেক সহযোগিতা করেছে। আমি এখন উপভোগ করার জন্য খেলি। আমি খেলি কারণ টেনিসকে আমি ভালোবাসি। কিন্তু সবকিছুরই শেষ আছে। আর এই সময়ে এসে সবকিছুর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পুরো যাত্রাটা সত্যিই দারুণ উপভোগ্য ছিল। বিশেষ করে গত ২০ বছর আমার জীবনে সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি। ”
দুই দশকেরও বেশি সময় পেশাদার সার্কিটে কাটানো ১৮বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী পেজ বলেন, “এটাকেই সঠিক সময় হিসেবে মনে করছি। এর থেকেও বড় কিছু করার সময় এসেছে। আমি এমন একজনকে তৈরি করতে চাই যে প্রথমবারের মতো কোনো শিরোপা জেতার স্বাদ নেবে। যখন যে শিরোপা জিতবে তখন আমি তার মধ্যে এই অনুভূতি তৈরি করে দিয়ে যেতে চাই, যাতে কেউ মনে না করে তার জয়টা আকস্মিক ছিল, বরং সবাই যাতে বিশ্বাস করে তার মধ্যে যোগ্যতা আছে বলেই সে জিতেছে। এই মুহূর্তে এটাই আমার বড় স্বপ্ন। অষ্টম অলিম্পিকে খেলা কিংবা ২০তম গ্র্যান্ড স্ল্যামের পিছনে দৌঁড়ানো অথবা অষ্টম কিংবা নবম বারের মতো চেন্নাই ওপেনে শিরোপা জেতা এসব কিছু এখন আর আমাকে টানে না। ”
ভারতের অন্যতম সেরা টেনিস তারকা হিসেবে বিবেচনা করা হয় পেজকে। ক্যারিয়ারে লিয়েন্ডার আটটি ডাবলস ও ১০টি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। ১৯৯৯ সালে একইসাথে উইম্বলডনে ডাবলস ও মিক্সড ডাবলসের শিরোপা জিতে এখনো স্মরণীয় হয়ে আছেন পেজ। ২০১০ সালে উইম্বলডনে ডাবলস শিরোপা জিতে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রড লেভারের পরে তিন দশকে উইম্বলডনের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন।

Be the first to comment on "পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন লিয়েন্ডার পেজ"