শিরোনাম

প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক কর

নিউজ ডেস্ক :  দেশের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক করের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ৫ টাকা হোক ১০ টাকা হোক প্রত্যেক নাগরিককে কর দেওয়া উচিৎ। এ প্রস্তাব আমি আগেও করেছিলাম।
বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ‘পে-রোল ট্যাক্স ও করনেট সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সেমিনারের আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, সবাইকে করের আওতায় আনতে পারলে দেশে কর সংস্কৃতি তৈরি হবে। এতে কর বিষয়ে গণজাগরণ সৃষ্টি হবে। এজন্যই আমি বাধ্যতামূলক করের কথা বলেছিলাম। এ প্রস্তাব এখনও রয়েছে। বাস্তবায়ন হবে কি না- আমি জানি না। তবে এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পে-রোল ট্যাক্সের বিষয়ে তিনি বলেন, যে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা পে-রোল ট্যাক্সের আওতায় রয়েছে। ঐ প্রতিষ্ঠানের বেতন পরিশোধের সময় পে-রোল ট্যাক্স কেটে রাখা উচিৎ। এটা করলে কর আদায়ে সুবিধা হয়। দেশের সব বেসরকারি প্রতিষ্ঠান এটা কর্যকর করতে পারলে পে-রোল ট্যাক্সের আওতা বাড়বে। একইসঙ্গে কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠান চিহ্নিত করতে সুবিধা হবে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠান করের আওতায় আসছে না। পৃথিবীর অন্যান্য দেশে ৩০ শতাংশ বা তার বেশি পে-রোল ট্যাক্স আদায় হলেও আমাদের দেশে এই কর আদায় হয় মাত্র ৫ থেকে ৬ শতাংশ।
এনবিআরকে করদাতার সংখ্যা আরও বাড়াতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, করদাতার সংখ্যা ১২ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছে এনবিআর। এটা খুবই ছোট টার্গেট। এটা আরও বাড়ানো উচিৎ।
তিনি আরও বলেন, বর্তমানে স্বীকৃত কোটিপতির সংখ্যা মাত্র ৫৩ হাজার। এর বাইরে আরও অনেক কোটিপতি রয়েছে। যারা যথাযথ কর প্রদান করে না। কর ফাঁকি দেওয়ার প্রবণতা পৃথিবীর সব দেশেই আছে। এর কোনো যুক্তি নেই। কর প্রদান গর্বের বিষয়। প্রত্যেকেরই কর দেওয়া উচিৎ। ১৯৫৬ সালে ছাত্র জীবনেই আমি প্রথম কর দিয়েছি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো. আলমগীর হোসেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল মাসুদ আহমেদ। এছাড়া পলিসি রিচার্জ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ. মুনসুরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক কর"

Leave a comment

Your email address will not be published.


*