নিউজ ডেস্ক : সোমবার (৯ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’র পর্দা উঠবে। তার আগেই ফিফা ফিপপ্রো একাদশ নিয়ে সাড়া জাগানো খবর প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’। তাদের দাবি, বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি।
নেইমার ছাড়াও আরো দুই হাই-প্রোফাইল খেলোয়াড় পল পগবা ও জিয়ানলুইজ বুফনও নাকি ২০১৬ সালের সেরা টিমে সুযোগ পাননি। গত ডিসেম্বরে ৫৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। যেখানে পাঁচজন গোলরক্ষক, ২০ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার ও ১৫ জন ফরোয়ার্ডকে মনোনীত করা হয়।
গত বছর রেকর্ড ট্রান্সফার ফি’তে (১১০ মিলিয়ন ইউরো) জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন পগবা। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। কিন্তু, গোল সূত্র বলছে মাত্র দুই ভোটের ব্যবধানে একাদশের বাইরে পগবা।
পগবার সাবেক জুভেন্টাস সতীর্থ বুফনের ২০১৬ সালটা অসাধারণ কেটেছে। কিন্তু একাদশে জায়গা করে নিতে পারেননি ৩৮ বছর বয়সী বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গোলরক্ষক। জানা যায়, তিনি বিশ্বের দ্বিতীয় গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বার্সার হয়ে ঘরোয়া ডাবল (লা লিগা ও কোপা দেল রে) ও ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড এনে দেন নেইমার। এতোসব অর্জনও তাকে সেরা তিন ফরোয়ার্ডের মধ্যে রাখতে পারেনি।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের প্রতিনিধি সংগঠন ফিফপ্রো (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস)। ৬৯টি দেশের মোট ২৬ হাজার ৫১৬ জন খেলোয়াড় ফিফা ফিফপ্রো একাদশের জন্য ভোট দিয়েছেন। যা গত বছরের রেকর্ড ২৬ হাজার ৫৩০ ভোট থেকে মাত্র ১৪টি কম।
২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়ে আসছে। টিমের লাইনআপ সাজানো হয় ৪-৩-৩ ফর্মেশনে।
গতবারের বর্ষসেরা একাদশ: ম্যানুয়েল নয়্যার, দানি আলভেজ, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, মার্সেলো, পল পগবা, লুকা মডরিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার।

Be the first to comment on "ফিফার বর্ষসেরা একাদশে নেই নেইমার"